বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই রাজনৈতিক হিংসার শিকার একই গ্রামের ৬০টি পরিবার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ মে: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা অব্যাহত। এবার ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই রাজনৈতিক হিংসার শিকার হল একই গ্রামের ৬০টি পরিবার। রাতের অন্ধকারে নিজের জেলা ছেড়ে ভিটেমাটি ছেড়ে প্রাণে বেঁচে কোনও রকমে আশ্রয় নিল নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর এলাকায়।

অভিযোগ, রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পরপরই বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত উদায়গঞ্জ গ্রামে রাজনৈতিক হিংসা শিকার হয় প্রায় ৫০ থেকে ৬০ টি পরিবার। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে স্লোগানের সাথে হামলা চালায় ওই গ্রামে। একের পর এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙ্গচুর করা হয়। বাড়িতে ঢুকে বিজেপি কর্মীদের পরিবারের একাধিক পুরুষ ও মহিলাদের মারধর করা হয়। এই ঘটনায় পরিবারের শিশুদেরও মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাই প্রাণে বাঁচতে রাতারাতি ঐ ৬০ টি পরিবার আশ্রয় নেয় শান্তিপুর ব্লকের গয়েশপুরে।

এ বিষয়ে অভিযোগের সুরে গ্রামবাসীরা জানান, আমরা এতটাই আতঙ্কের মধ্যে রয়েছি পরিবার নিয়ে কি করে গ্রামে ফিরব তা এখন বুঝতে পারছি না। একাধিকবার বর্ধমান জেলার কালনা থানাকে ফোন করলেও সেখান থেকে কোনও সুরাহা মিলছে না। তৃণমূলের লোকজন যেভাবে হুমকি দিচ্ছে গ্রামে গিয়ে এখন বসবাস করাটাই দায় হয়ে গেছে। গ্রামে ঢুকলেই নাকি প্রাণে মেরে দেবে বলে হুমকি দিচ্ছে। অভিযোগ, ভোটের দিন সকাল থেকেই উদায়গঞ্জ গ্রামের আনাচে-কাঁনাচে তাজা বোমা সহ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে থাকে তৃণমূলের লোকজন। আমরা বিজেপি করি বলে ভোট গণনা শেষ হতেই আমাদের উপরে হামলা চালায়। ছোট ছোট বাচ্চা নিয়ে ঘর ছাড়া হয়েছি। কতদিন এভাবে পালিয়ে পালিয়ে থাকবো? প্রশাসন যদি এর সঠিক বিচার না করে তাহলে গ্রামে ঢুকলে ওরা আমাদের প্রাণে মেরে ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *