সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ আগস্ট: করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগে বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সামান্য অসাবধানতাই কাল হতে পারে। তার ফলে হু হু করে বাড়তে পারে সংক্রমণের গ্রাফ। এই পরিস্থিতিতে খানিক বেপরোয়া বারাসাত শহরবাসী। রবিবার ছুটির দিন মাস্ক ছাড়া ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল বেশ কিছু লোকজনদের। যাতে সংক্রমণ কোনও ভাবেই বেড়ে না যায় তাই এদিন সাতসকালে উত্তর ২৪ পরগনা জেলাজুড়েই চলছে পুলিশি টহল।

এদিন বারাসাত হেলাবটতলা মোড়ে বারাসাত এসডিপিও’র নেতৃত্বে বারাসাত থানার পুলিশ প্রায় ৩০ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে কোভিড বিধি না মানার অভিযোগ উঠেছে। মাস্ক না পরে দেদার ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল তাদের। অন্য দিকে গোবরডাঙ্গা থানার অধীন মছলন্দপুর তদন্ত কেন্দ্রের বিভিন্ন জায়গায় জনসাধারণের মধ্যে মাস্ক পরার সচেতনতা বাড়াতে রবিবার সকালে অভিযান চালায় পুলিশ। মছলন্দপুর তদন্ত কেন্দ্রের আধিকারিক অসীম পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে জনসচেতনতা বাড়াতে মছলন্দপুর তিন রাস্তার মোড়, ডাকবাংলা ও নতুন বাজার, বাসস্ট্যান্ড সহ দোকানে দোকানে নজরদারি চালানো হয়। যারা মাস্ক ছাড়া বাজার করতে এসেছেন এবং মাস্ক ছাড়া যারা গাড়িতে করে যাতায়াত করছেন তাদের গাড়ি থেকে নামিয়ে মাস্ক কিনে পরতে বলা হয়।

বিশেষজ্ঞদের মতে করোনা অতিমারীর তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে। একথা মাথায় রেখে পুলিশ রবিবার মছলন্দপুরের বিভিন্ন এলাকায় এবং মছলন্দপুর বাজারে কড়াকড়ি পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন। যারা করোনা বিধি অমান্য করে মাস্ক ছাড়া পথে নেমেছেন অতিমারী আইনে ৩০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। জনগণকে সচেতন করতে পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

