আশিস মণ্ডল, বীরভূম, ১২ ফেব্রুয়ারি: গোপন সূত্রে খবর পেয়ে তারাপীঠ সংলগ্ন রামপুরহাট থানা এলাকার একটি হোটেল থেকে গ্রেফতার করা হল ছয় যুবককে। ধৃতরা বিহারের বৈশালী থানা এলাকার একটি ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, চলতি বছরের ২৮ জানুয়ারি বিহারের বৈশালী থানা এলাকার কাঞ্চনাপুরে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে কয়েক লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটে। বিহার পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন করে জানতে পারে ডাকাতির সঙ্গে যুক্তরা তারাপীঠে আশ্রয় নিয়েছে। এরপরেই বৈশালী থানার পুলিশ চলে আসে তারাপীঠে। শুক্রবার তারাপীঠ সংলগ্ন রামপুরহাট থানা এলাকায় অবস্থিত একটি বিলাসবহুল হোটেলে যৌথ অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে ডাকাত দলে থাকা আরও তিন জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত রতন কুমার পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে নিয়েছে।

