আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: মোটে এক মাস হয়েছে ধুমধাম করে রাম মন্দির ভূমিপূজো হয়েছে। অযোধ্যার ভূমি পূজায় অংশগ্রহণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে পিতৃপক্ষ শেষ হচ্ছে ১৭ সেপ্টেম্বর তারপর শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ। আর তার মাঝেই সামনে এলো চাঞ্চল্যকর খবর। ক্লোনড চেক দিয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে ছয় লাখ টাকা গায়েব করে নিয়েছে জালিয়াতরা।
রাম মন্দির তৈরির অনুদানের জন্য তৈরি করা হয়েছে এই ট্রাস্ট। পুলিশ সূত্রে খবর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। অযোধ্যা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দীপক কুমার জানিয়েছেন পরপর দুবার ক্লোনড চেক ব্যবহার করে এই টাকা তোলা হয়েছে। প্রথমবার আড়াই লাখ টাকা তোলা হয়েছে পরের বার সাড়ে তিন লাখ টাকা তুলে নিয়েছে জালিয়াতরা।
জানা গেছে ওই টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। গত বুধবার ব্যাংকের থেকে একটি ভেরিফিকেশন সংক্রান্ত ফোন পান ট্রাস্টের সম্পাদক চম্পত রাই। সেই সময় ৯.৮৬ লাখ টাকার চেক জমা করা হয়েছিল। আর তারপরই ধরা পড়ে জালিয়াতির ঘটনাটি। ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে দুটি ক্লোনড চেক ব্যবহার করে গত ১ এবং ৩ সেপ্টেম্বর টাকা তুলে নিয়েছে জালিয়াতরা।
আসল চেকের সিরিয়াল নম্বর ও ক্লোনড চেকের সিরিয়াল নম্বর এক ছিল বলে জানিয়েছে ট্রাস্ট। চেকে ট্রাস্টের অন্যান্য সদস্যদের জাল সই করা ছিল।
রাম মন্দির ট্রাস্টের সম্পাদকের অভিযোগে অজ্ঞাত পরিচয় প্রতারকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে চেকের নম্বর ফাঁস হয়ে যাওয়ায় ব্যাংকের ভিতরে কেউ জড়িত থাকার অনুমান করছে পুলিশ। রাম মন্দির ট্রাস্ট লখনৌয়ের দুটো ব্যাংকের অ্যাকাউন্টে তাদের টাকা রেখেছে। ট্রাস্ট দেশ-বিদেশের অগণিত রামভক্তদের কাছে রামমন্দির নির্মাণের জন্য দান করেছেন। ইতিমধ্যেই ট্রাস্টে পভক্তদের অনুদান জমা পড়াও শুরু হয়েছে।
দিন কয়েক আগেই রাম মন্দিরের নকশা প্রকাশ্যে আনা হয়েছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান জানিয়েছেন উচ্চতায় রাম মন্দির হবে ১৬১ ফুট হবে। মন্দিরে থাকবে ৫টি গম্বুজ। মন্দির তৈরীর ক্ষেত্রে পিলার থাকবে ৩৬০টি। মন্দির নির্মাণে কমপক্ষে ৩০০ কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে।

