আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৭ জুন: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বজ্রাঘাতে প্রাণ হারালেন ৬ জন। এদিন দুপুর থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় জেলার বিভিন্ন প্রান্তে। রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মির্জাপুরে ঘটে মর্মান্তিক এই ঘটনা। মাঠে একটি পাম্পের ঘরে আশ্রয় নিয়েছিলেন অনেকে। বাজ পড়লে ঘটনাস্থলেই মারা যান দু’জন। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪ জনের।
জমিতে কাজ করছিলেন বেশ কয়েকজন। হঠাৎ বৃষ্টি নেমে আসায় মাঠে থাকা একটি পাম্পের ঘরের কাছে আশ্রয় নেয় তারা। আচমকাই বাজ পড়ে সেখানে। কান্নায় ভেঙে পড়েন মৃতদের আত্মীয়রা। পাশাপাশি সুতি থানার চুনাখলী নিমতলা এলাকায়ও বাজ পড়ে মৃত্যু হয় একজনের।

