কোভিডে আক্রান্ত ৫৮ জন ডাক্তারি পাঠরত শিক্ষার্থী, হোস্টেল ছাড়ার নির্দেশ দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের

সাথী দাস, পুরুলিয়া, ৮ জুলাই: করোনা আবার মাথা চাড়া দিচ্ছে। পুরুলিয়ায় কোভিডে আক্রান্ত চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের সঙ্গে সঙ্গে ডাক্তারি পাঠরত শিক্ষার্থীরাও। মোট ৫৮ জন ডাক্তারি পাঠরত শিক্ষার্থীরাও কোভিডে আক্রান্ত। আক্রান্ত ঝালদা ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ তিন চিকিৎসক।

দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে মোট ১৯০ জন শিক্ষার্থী রয়েছেন। এঁদের সবাইকে হোস্টেল ছাড়তে বলা হয়েছে। তাঁদের ক্লাস ও পরীক্ষা সবটাই অনলাইনে হবে বলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে।

এদিকে ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এই বিষয়ে ঝালদা ১ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ কেশব অধিকারী বলেন, “এই পরিস্থিতিতে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের অভাব দেখা দিয়েছে। সমস্যা হচ্ছে পরিষেবা দিতে। যদিও পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে। আমরা এর মোকাবিলায় প্রস্তুত রয়েছি।”

দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল সুপারেন্টটেন্ড কাম ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি) ডঃ সুকোমল বিষয়ী বলেন, “এখন যত জনকে পরীক্ষা করা হচ্ছে তার দশ শতাংশের বেশি জনের রিপোর্ট পজেটিভ আসছে। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, আতঙ্কের কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সজাগ ও সতর্ক রয়েছি। সাধারণ মানুষকে কোভিড বিধি মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে।”

চলতি মাসের ১৮ তারিখ থেকে দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই পরীক্ষা অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এছাড়া প্রথম বর্ষের ক্লাসও অনলাইনে হবে বলে জানিয়েছেন এমএসভিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *