আমাদের ভারত, ২৬ মে: চলতি বছরে কোভিডে নিজের মা বাবাকে হারানো দেশের ৫৭৭ শিশুর দায়িত্ব নিল কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন কেন্দ্র অনাথ নাবালকদের সুরক্ষার বিষয়ে অবহিত। ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্য,জেলা প্রশাসনকে এই বিষয়ে তথ্য পাঠানো হয়েছে ও প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বলা হয়েছে।
স্মৃতি ইরানি জানান, বাবা মা হারানো শিশুরা অতিমারির সময় যাতে নিজেদের নিঃসঙ্গ মনে না করে কিংবা তাদের মানসিক সমস্যা দেখা না দেয় সে বিষয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্র। প্রয়োজনে কাউন্সিলিংয়ের আশ্বাসও দিয়েছে দা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ নিউরো সাইন্স। আর্থিক সমস্যা যাতে কোনো বাধা না হয় তার জন্য তৈরি করা হয়েছে বিশেষ ফান্ড। ইতিমধ্যেই ইতিমধ্যে ইউনিসেফের সহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে এবিষয়ে কথাবার্তা শুরু করেছে কেন্দ্র।
ইতিমধ্যে কর্মসূচিকে বাস্তবায়িত করতে জেলা প্রতি ১০ লাখ টাকা করে বরাদ্দ করা হয়েছে। জানা গেছে অনাথ সন্তানরা তাদের পরিবারেরই কোন না কোন সদস্যের কাছে রয়েছে। সেখানেই তাদের রেখে যথাযথ দেখভাল করা হচ্ছে। শিশুদের শিকড় থেকে একেবারে বিচ্ছিন্ন করতে চায় না কেন্দ্র। কিন্তু তারা যাতে কোন কিছু থেকে বঞ্চিত না হয় তাও নিশ্চিত করতে চায় মন্ত্রক।
শুধু অনাথ শিশুরাই নয় বিদেশে থাকা ভারতীয় নারীদের উপর হিংসা আটকাতে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। আগামী কয়েকদিনের মধ্যে কুয়েত, ওমান, কাতার সহ মোট নয়টি দেশে দশটি ওয়ানস্টপ সেন্টার খোলা হবে, যেখানে মহিলাদের সুরক্ষা ও নারী স্বাধীনতা নিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্র কে সেক্রেটারি রামমোহন মিশ্র। বিদেশে হিংস্রতার শিকার মহিলাদের সহায়তার জন্য এই সেন্টার গুলি কাজ করবে। সংকটের মধ্যে দিন কাটানো ভারতীয় মহিলাদের আইনি সহায়তা, চিকিৎসা ও যথাযথ পরামর্শ দেওয়া হবে এখানে।

