দেরি কেন? মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে ৫ হাজার টাকা জরিমানা করল আদালত

আমাদের ভারত, ৩০ জুন: নারদ মামলায় হলফনামা দিতে দেরি হল কেন? এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে ৫ হাজার টাকা করে জরিমানা ধার্য করল কলকাতা হাইকোর্ট। এরপর নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক ও রাজ্যের হলফনামা হাইকোর্ট গ্রহণ করল। অন্যদিকে সিবিআইকেও হলফনামা দেওয়ার জন্য ১০ দিন সময় দিল আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৫ জুলাই।

মঙ্গলবার হাইকোর্টের নারদ মামলার শুনানির সময় মমতার হলফনামা নিয়ে প্রশ্ন ওঠে। সিবিআই পক্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “১৭ ই মে থেকেই মুখ্যমন্ত্রী ও আইন মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিকল্পিতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেননি মুখ্যমন্ত্রী ও আইন মন্ত্রী।”

কিন্তু আদালত এক্ষেত্রে সলিসিটর জেনারেল তুষার মেহেতার উদ্দেশ্যে জিজ্ঞেস করে, “রাজ্য যদি হলফনামা পেশ করে তথ্য জানাতে চায় তাহলে আপনাদের আপত্তি কোথায়?” বিচারপতি সৌমেন সেন বলেন, সিবিআই অভিযোগ করেছে বলেই, নিজাম প্যালেসে “মানুষের জমায়েত” তত্ত্ব মেনে নিতে পারে না আদালত। এরপর আজকের শুনানি শেষে রায়দান স্থগিত রাখে আদালত।

৯ জুন থেকে নারদ মামলার শুনানি চলছে হাইকোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চে। শুনানি চলাকালীন আদালতে হলফনামা জমা দেওয়ার আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের যুক্তি ছিল শুনানির মাঝে হলফনামা জমা দিলে মামলার অভিমুখ ঘুরে যেতে পারে।

এরপর হাইকোর্টের হলফনামা প্রসঙ্গে দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালত হলফনামা জমা নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টকে। কিন্তু হলফনামা জমা নিলেও সেটা দিতে দেরি হওয়ায় পাঁচ হাজার টাকা করে জরিমানা ধার্য করে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *