স্নেহাশীষ মুখার্জি আমাদের ভারত নদিয়া ২৬ মার্চ: পণ্য বহনকারী ছোট গাড়ির চালকদের ওপর এমভিআই ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ। শনিবার টায়ার জ্বালিয়ে রানাঘাটে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ছোট গাড়ির মালিক ও কর্মচারীরা।
অভিযোগ যে সমস্ত ছোট গাড়ি পণ্য পরিবহন করে তাদের কাছ থেকে এমভিআই নানান ছলচাতুরি করে প্রচুর টাকা ফাইন করছে। তার সঙ্গে বিনা কারণে হুমকিও দেওয়া হচ্ছে। তার সঙ্গে আছে সিভিক ভলান্টিয়ার দ্বারা পুলিশি অত্যাচারের অভিযোগ। যখন তখন নানান উপায়ে টাকা নেওয়া তো হচ্ছেই, এছাড়া উপরি পাওনা হিসেবে জুটছে চরম হেনস্থা।এরই প্রতিবাদে নিজেদের রুটি রুজি বাঁচাতে রানাঘাটে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে পণ্য
পরিবহনকারি ছোট গাড়ির মালিক, চালক ও কর্মচারীরা।

অবরোধকারীদের দাবি, অবিলম্বে পুলিশের জুলুম ও অত্যাচার বন্ধ করতে হবে। এম ভি আই ও পুলিশের জুলুম অত্যাচারের কারনে গত দেড় বছরে তাঁরা আর্থিক দিক দিয়ে চরম ক্ষতিগ্রস্ত। এরই প্রতিবাদে তারা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে।
এদিনের অবরোধের প্রায় ৫০০ ছোট গাড়ির মালিক ও কর্মচারী উপস্থিত ছিলেন। এই অবরোধ কর্মসূচি চলে প্রায় এক ঘন্টা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।

