আমাদের ভারত, ১৩ আগস্ট: একদিকে দেশের বেশ কয়েকটি রাজ্যে স্কুল কলেজ খোলার পদক্ষেপ শুরু হয়েছে। অন্য রাজ্য গুলিতে পুজোর পর স্কুল খোলার চিন্তাভাবনা শুরু হয়েছে। কিন্তু ঠিক সেইসময় ব্যাঙ্গালুরুতে উঠে এল এক আশঙ্কার ছবি। শুধুমাত্র আগস্টের প্রথম দুই সপ্তাহের মধ্যেই করোনায় আক্রান্ত হয়েছে ৫০০ জন শিশু। স্বভাবতই এই ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে।
যদিও বৃহৎ বেঙ্গালুরু মহানগরপালিকা আশ্বস্ত করেছেন বিষয়টি নিয়ে অহেতুক উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। গত দুই সপ্তাহে যে ৫০০ জন শিশু আক্রান্ত হয়েছে তার মধ্যে গত পাঁচ দিনে আক্রান্ত হয়েছে ২৬৩ জন। আক্রান্তদের মধ্যে কয়েক মাস বয়সের শিশু থেকে শুরু করে ১৯ বছর বয়সের ছেলেমেয়েরাও রয়েছে। কয়েক মাসের শিশু থেকে নয় বছর বয়স এমন ৮৮ জন শিশু করোনায় আক্রান্ত হয়েছে। ১০-১৯ বছরের মধ্যে যাদের বয়স তাদের মধ্যে ৩০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
ব্যাঙ্গালুরুতে শিশুদের মধ্যে সংক্রমণের হার যে হারে বাড়ছে তা দেখে আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে কি তৃতীয় ঢেউ শুরু হয়ে গেল? তার প্রভাবে কি শিশুদের ওপর পড়তে শুরু করে দিয়েছে? স্পষ্ট উত্তর পাওয়া না গেলেও বৃহৎ ব্যাঙ্গালুরু মহানগর পালিকা বা বিবিএমপি অভয় দিয়েছেন যে ভয় পাওয়ার কোন কারণ নেই। শিশুদের আক্রান্ত হওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে আগামী দিনে তার সংখ্যা বাড়লেও বিপদজনক জায়গায় পৌঁছাবে না বলেই তারা দাবি করেছেন।
জুলাইয়ের শেষ সপ্তাহে ও আগস্টের প্রথম সপ্তাহে পরিসংখ্যান থেকে স্পষ্ট আক্রান্তের হার ১৪ শতাংশের মধ্যে রয়েছে। খুব বড় একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। শেষ ১০ দিনে কোন শিশুর মৃত্যু হয়নি বলেও জানা গেছে।
বি বি এম পির বিশেষ স্বাস্থ্য কমিশনার রনদীপ ডি জানিয়েছেন, হাসপাতালগুলিতে ভালোভাবে খোঁজখবর রাখা হচ্ছে। গুরুতর উপসর্গ নিয়ে কোনো শিশু ভর্তি আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত দেখা গেছে যে শিশুরা আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগই উপসর্গহীন অথবা কারোর মধ্যে মৃদু উপসর্গ রয়েছে।

