পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: কুড়মি আন্দোলনের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ার পর আজ থেকে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার খেমাশুলি স্টেশনে রেল অবরোধের কারণে দুর্ভোগ বাড়লো রেল যাত্রীদের।

কুড়মি সমাজের ডাকে ১লা এপ্রিল থেকে জঙ্গলমহলের জেলাগুলিতে শুরু হয়েছে ‘ঘাঘর ঘেরা’ আন্দোলন। বুধবার থেকে কুড়মি সমাজ অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে। ফলে স্তব্ধ হতে চলেছে জঙ্গলমহলের রেল যোগাযোগ। খড়্গপুর-টাটানগর সেকশনের খেমাশুলি ও আদ্রা-চান্ডিল সেকশনের কুস্তাউরে রেল অবরোধের কারণে আজ ৫ এপ্রিল বুধবার থেকে খড়্গপুর ও আদ্রা ডিভিশনের প্রায় ৫০টি ট্রেন বাতিল বলে ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল। বহু ট্রেন চলবে না সম্পূর্ণ দূরত্ব পর্যন্ত৷ সেই মর্মে নোটিশ জারি করেছে রেল কর্তৃপক্ষ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত জানাগেছে, আজ ২৮টি ট্রেন বাতিল, ১০টি ট্রেনকে ভিন্ন পথে পরিচালনা এবং ৬টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

