আমাদের ভারত, ১৫ জুন: ইতিমধ্যেই তৃতীয় মোকাবেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র। আগামী তিন মাসের মধ্যে দেশে পঞ্চাশটি মডিউলার হাসপাতাল তৈরীর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই মডিউলার হাসপাতালে আইসিইউ থেকে শুরু করে অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা সড় অন্যান্য লাইফ সাপোর্ট ব্যবস্থা থাকবে বলে জানা গেছে।
এই মডিউলার হাসপাতালের বিশেষত্ব হল খুব কম সময়ে, মাত্র তিন সপ্তাহের মধ্যে এবং তিন কোটি টাকা খরচ করলেই তৈরি করা সম্ভব।২৫ বছর পর্যন্ত এগুলির কার্যক্ষমতা থাকবে। ১০০টি পর্যন্ত শয্যার ব্যবস্থা থাকবে সেখানে। এই হাসপাতালগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো বিপদের সময় এই হাসপাতালকে এক সপ্তাহের মধ্যে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যাবে।
চলতি বছরের শেষে দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করায় দেশের মানুষকে বিপদে পড়তে হয়েছে। তার পুনরাবৃত্তি আটকাতেই এবার বিশেষভাবে নজর দিচ্ছে সরকার।
করেনা দ্বিতীয় ঢেউতছ ভারতে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে অক্সিজেন সরবরাহ নিয়ে। এই মডিউলার হাসপাতাল তৈরি সময় এই বিষয়টিকে মাথায় রাখা হচ্ছে। দেশের সমস্ত সরকারি হাসপাতালে বিদ্যুৎ, অক্সিজেন, পানীয় জলের ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি এই হাসপাতাল তৈরি করা হবে।
মূলত ছোট শহর ও গ্রামীণ এলাকার উপর নজর রেখে এই প্রকল্প হতে চলেছে। কেন্দ্র সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবনের নেতৃত্বে এই কাজ শুরু হয়েছে। দেশের ছোট শহর ও গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিকাঠামোর যেখানে দুর্বল রয়েছে সেটাকে পুষিয়ে দেওয়াই এই হাসপাতালগুলোর অন্যতম লক্ষ্য।
যে সমস্ত রাজ্যগুলিতে এই ধরনের হাসপাতাল প্রয়োজন তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। যেসব রাজ্যে করোনা রোগে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে মহারাষ্ট্রের পুনে, ছত্তিশগড়ের বিলাসপুর,রায়পুর,কর্নাটকের বেঙ্গালুরু, পাঞ্জাবের মোহালিতে এই মডিউল হাসপাতাল তৈরি হবে বলে জানা গেছে।

