সামশেরগঞ্জের কামালপুর গ্রামে গঙ্গাগর্ভে তলিয়ে গেল ৫০টি বাড়ি

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৪ সেপ্টেম্বর: ফের ভয়াবহ আকার ধারণ করেছে গঙ্গার ভাঙ্গন। এবার সামশেরগঞ্জের ধুসরীপাড়ার পর কামারপুর গ্রামে গঙ্গাগর্ভে তলিয়ে গেল প্রায় ৫০টি বাড়ি। ইতি মধ্যেই সামশেরগঞ্জের কামারপুর গ্রামে তলিয়ে গিয়েছে তিনশো বছরের ঐতিহ্যবাহী শিব মন্দির। গত এক মাস ধরে নিত্যদিন মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামে গঙ্গা ভাঙ্গন অব্যাহত আছে। এবার ভাঙ্গনে গঙ্গা গর্ভে তলিয়ে গেল আরও একটি গ্রাম। রবিবার সন্ধ্যার পর থেকে গঙ্গা ভাঙ্গনের আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন প্রায় দুই শতাধিক পরিবার। যে কোনও মূহুর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে চলেছে একটি প্রাথমিক বিদ্যালয়ও।

হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। একের পর এক গ্রাম নদীগর্ভে তলিয়ে যাওয়ায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জ ব্লকজুড়ে। রবিবার ভোর ৩টে থেকে ভাঙ্গন শুরু হয়েছে। শতাধিক পরিবার বাড়িঘর ভেঙ্গে নেওয়ার কাজ শুরু করেছে। ২০-২৫টি বাড়ির লোকেরা সবকিছু ফেলে রেখে শুধুমাত্র নিজেদের জীবন নিয়ে ঘর থেকে বের হয়ে আসে৷ এই ভয়াবহ পরিস্থিতিতে সব কিছু হারিয়ে দিশেহারা গ্রামের লোকজন। যদিও গ্রামবাসীদের এই অসহায় অবস্থায় প্রশাসনের তরফ থেকে কারও দেখা মেলেনি। তাই আরও বেশি দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে সদ্য ভিটে হারা পরিবারগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *