আশিস মণ্ডল, রামপুরহাট, ১৯ আগস্ট: মাতৃযান অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হল ৫০ গ্রাম হেরোইন। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। বৃহস্পতিবার তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি মাতৃযান অ্যাম্বুলেন্স আটক করে বীরভূমের মল্লারপুর থানার পুলিশ। অ্যাম্বুলেন্স থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় সান্টু শেখ ও সন্তু লেট নামে দু’জনকে। যদিও বিজেপির দাবি, ওই মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল তৃণমূল বিধায়কের ভাগ্নে। সন্ধ্যার সময় অ্যাম্বুলেন্স আটক করা হয়। পরে রাতের দিকে তৃণমূল নেতার ভাগ্নেকে ছেড়ে দেওয়া হয়।

বিজেপির ময়ূরেশ্বর ব্লক সভাপতি শ্যামল মণ্ডল বলেন, পুলিশ তৃণমূল বিধায়কের ভাগ্নেকে আড়াল করেছে। তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত অ্যাম্বুলেন্সটিও বেআইনি ভাবে চালানো হচ্ছিল।
এদিকে মল্লারপুর থানার পুলিশ ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন না করেই আদালতে তোলে। এনিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতেই পুলিশ তাদের হেফাজতে নেয়নি। বিজেপি কর্মীদের বিরুদ্ধে গাঁজার মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে। আর যারা প্রকৃতই মাদক করবার করছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।


