জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: সোমবার বিকেলের পর কেশিয়াড়ি ব্লকের নচিপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে পাঁচজন কর্মী আহত হয়েছেন। আহতদের তিনজনকে রাতেই কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতাল এবং দু’জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অভিযোগ, সম্প্রতি বিজেপি থেকে আসা কর্মীরা এই হামলা চালিয়েছে। হামলাকারীরা ব্লক সভাপতি অশোক রাউত গোষ্ঠীর লোক। সোমবার দুপুরের পর ত্রাণের দাবি নিয়ে অঞ্চল সভাপতি ফটিক পাহাড়ির অনুগামীরা নচিপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গেলে অশোক রাউতের অনুগামীদের সঙ্গে বচসা শুরু হয়। পরে বচসা থেকে হাতাহাতি এবং সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত হন পাঁচজন কর্মী।
কেশিয়াড়িতে ফটিক পাহাড়ি গোষ্ঠীর সঙ্গে অশোক রাউতের গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। জেলায় সভাপতি বদল করার পর ও কেশিয়াড়িতে তৃণমূলের গোষ্ঠী বিবাদ থামেনি। অবশ্য গোষ্ঠী সংঘর্ষের বিষয়টি উড়িয়ে দিয়ে জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ভবানীপুরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের উল্লাসে মেতে ওঠা উৎসাহী কিছু সমর্থকদের মধ্যে ছোটখাটো গন্ডগোল হয়ে থাকতে পারে। বিষয়টি তিনি খোঁজ নিয়ে পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন।

