উচ্চ মাধ্যমিকের রেজাল্ট না আসায় স্কুলের ছাদে উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি চাকদার মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের ৫ ছাত্রের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জুলাই:
এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট না আসায় স্কুল বিল্ডিংয়ের ছাদে উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার হুমকি ৫ ছাত্রের। নদিয়ার চাকদহ থানার মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের ঘটনা।

৫ ছাত্রের দাবি, তারা এবারের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পায়নি। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনও প্রতিক্রিয়া দেয়নি। অবশেষে নিরুপায় হয়ে স্কুলের ছাদের উপর থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দিল ৫ ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকদহ থানার পুলিশ। অবশেষে পুলিশের তত্ত্বাবধানে এবং আশ্বাসে তারা স্কুলের ছাদ থেকে নিচে নেমে আসে। তাদের দাবি, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নিয়ে তাদের রেজাল্টের ব্যবস্থা করতে হবে।

জানা যায় স্কুল কর্তৃপক্ষের দাবি, ওই ৫ ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে যে ফর্ম ফিলাপ করতে হয় সেই ফর্ম ফিলাপ করেনি। যার কারণে স্বাভাবিকভাবেই তাদের রেজাল্ট আসেনি। যদিও গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে চাকদা থানার প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *