১ দিনে প্রাণ গেল ৫ জনের, ফের দাপট বাড়াচ্ছে করোনা, বর্ষবরণের মুখে রাজ্যগুলিকে সাবধান করল কেন্দ্র

আমাদের ভারত, ১৮ ডিসেম্বর: দেশজুড়ে ফের মারণ ভাইরাসের থাবা। করোনায় একদিনে ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৪ ঘন্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৩৫ জন। দেশজুড়ে রোগীর সংখ্যা প্রায় ২ হাজার ছুঁয়েছে। ফলে দেশবাসীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যগুলিকে সাবধান থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

শুধু ভারত নয়, বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছে। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বেশ কয়েকটি দেশে সতর্কবার্তা জারি করেছে হু। ফলে বর্ষবরণের মুখে রাজ্যগুলিকে নোটিশ পাঠিয়ে সতর্ক করেছে কেন্দ্র। নোটিশে বলা হয়েছে করোনা নিয়ে নজরদারিতে কোনরকম ঢিলে দেওয়া চলবে না। তাতে বিপদ বাড়তে পারে।

রবিবার পাঁচজন আক্রান্তের মৃত্যু হয়েছে দেশে। তার মধ্যে চারজন কেরলের। এক জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩৫ জন। দেশজুড়ে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৭০০।

এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়াচ্ছে কোভিডের জে এন ১ ভেরিয়েন্ট। কেরলের ৭৯ বছরের এক বৃদ্ধার দেহে ভাইরাসের এই নয়া ভেরিয়েন্ট পাওয়া গেছে। সেই রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীর মতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে তিনি আমজনতাকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

করোনার নিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জোর দেওয়া হয়েছে ভ্যাকসিন নেওয়ার বিষয়টিতে। অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করে জনস্বাস্থ্যকে কিভাবে বজায় রাখা যায় তার আলোচনায় বসেছে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

তবে কোভিডের এই নয়া ভেরিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন হু। সিঙ্গাপুর সহ নানা দেশেই কোভিডের দাপট বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই বড়দিনের সময় উৎসবের মরশুমে সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। শুধু কোভিড নয়, ইনফ্লুয়েঞ্জার মতো রোগ থেকেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে হু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *