জয় লাহা, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর: অন্ডালে পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ধরা পড়ল আরও ৫ দুষ্কৃতি। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের নাম আজারুল শেখ, নিজামুদ্দিন, নুরুজ্জামান, আসগর আলি হালদার ও ভুবন নিয়োগী। ধৃতরা দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবারের বাসিন্দা। বুধবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন।
উল্লেখ্য, গত ২ সেপ্টম্বর ২নম্বর জাতীয় সড়কের পাশে দুবচুড়িয়া মোড়ে একটি পেট্রোলপাম্পে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। গভীর রাতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাম্প কর্মীদের মারধর করে ডাকাতি করে চম্পট দেয় দুষ্কৃতীদের একটি দল। ঘটনাটি পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করে অন্ডাল থানার পুলিশ। পেট্রোল পাম্পে থাকা সিসিটিভির ছবি সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ চিহ্নিত করে ঘটনায় ব্যাবহৃত গাড়িটি। সেই গাড়ির নম্বরের সূত্র ধরে অন্ডাল থানার পুলিশ কলকাতার উল্টোডাঙা থেকে ওই গাড়ির চালক মহঃ শাহানাজ ও আরসাদ আলিকে গ্রেফতার করে। দুর্গাপুর মহকুমা আদালতে তাদের নিজ হেপাজতে নেয় পুলিশ। তাদের জেরা করে পুলিশ ওই চক্রের আর ৫ জনের হদিশ পায়। মঙ্গলবার রাতে আজারুল শেখ, নিজামুদ্দিন, নুরুজ্জামান, আসগর আলি হালদার ও ভুবন নিয়োগী নামে ওই ৫ দুস্কৃতীকে গ্রেফতার করে।
জানা গেছে, ওই ৫ জনের ছবি ঘটনার সিসিটিভি ফুটেজের ধরা পড়েছে। ধৃতরা দক্ষিন ২৪ পরগণার ডায়মন্ডহারবারের বাসিন্দা। বুধবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

