সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ ডিসেম্বর: নিজেদের পচ্ছন্দের জেলা সভাপতি না করায় রাজ্যের এমএলএ হোয়াটস অ্যাপ গ্রুপ সহ জেলার বিজেপি হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বেড়িয়ে গেলেন পাঁচ বিধায়ক। এই বিধায়করা হলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের। তাঁদের মনোনীত জেলা সভাপতি না করায় তাঁদের এই ক্ষোভ বলে মনে করছেন বিজেপির এক অংশ। এরপর ভাঙ্গচুর করা হয় বনগাঁ জেলার বিজেপি পার্টি অফিস।
পৌরসভা ভোটের আগে জেলায় জেলায় নেতৃত্বে বদল এনে দলকে চনমনে করতে চাইছে বিজেপি। রাজ্যজুড়ে জেলায় সাংগঠনিক পরিবর্তনে পদ গিয়েছে বনগাঁ জেলা বিজেপির সভাপতি মনস্পতি দেবের। তাঁর বদলে ওই পদে এসেছেন জেলা বিজেপিতে রামপদ দাসকে। বদল মেনে নিলেও, মনোনীত নতুন সভাপতিকে মেনে নিতে পারচ্ছেন না জেলা নেতাদের একাংশই। এর ফলে প্রকাশ্যে অবশ্য কেউই মুখ খুলছেন না। তবে জানা গিয়েছে, বিধায়কদের পচ্ছন্দের জেলা সভাপতি করা হয়নি এই রাগে তারা বিজেপি এমএলএ হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছে।
বিজেপি সূত্রের খবর, শনিবার বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলার নতুন সভাপতির নামের তালিকা প্রকাশিত হয়েছে। আর সেই তালিকা প্রকাশের পর এই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিজেদের সরিয়ে নিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পাঁচজন বিধায়ক। তারা হলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কৃত্তনীয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। সূত্রে জানা গিয়েছে বিজেপির নতুন সভাপতিদের মধ্যে মতুয়াদের প্রাধান্য দেওয়া হয়নি। সেকারণেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিধায়করা প্রকাশ্যে কিছু জানাননি।

