স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ ফেব্রুয়ারি: বুনো শুয়োরের দাপটে গুরুতর জখম ৫। গুরুতর অবস্থায় প্রথমে তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদেরকে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
সূত্রের খবর, শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন বিশ্বাস দুপুর দুটোর সময় দেখতে পান একটা শুয়োর তার খোলা চৌহদ্দির মধ্যে ঘুরছে।শুয়োরটাকে ঘুরতে দেখে তিনি তাড়াতে গেলে শুয়োরটা তার ঘরের চাপিয়ে রাখা দরজায় ধাক্কা মেরে ঘরে ঢুকতে যায়। নিরঞ্জনবাবু কোনও ভাবে দরজা বন্ধ করতে গেলে শুয়োরটার মাথাটা দরজার মধ্যে ঢুকে যায়। কোনভাবে শুয়োরের মাথা দরজা থেকে ছাড়াতে গেলে শুয়োরটা কয়েক পা পিছিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে দেয়। এর ফলে নিরঞ্জনবাবু গুরুতর আহত হন। তাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
নিরঞ্জন বাবু বলেন, যখন শান্তিপুর হসপিটালে তিনি ভর্তি হয়েছিলেন সেই সময় তিনি দেখেন আরও চারজনকে সেখানে নিয়ে আসা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় তারা সবাই শান্তিপুর মালোপাড়ার বাসিন্দা। যাদের মধ্যে কারোর পেটে, কারোর হাতে, আবার কারোর অন্ডকোষে শুয়োরটা আক্রমণ করেছে। ঘটনার গুরুত্ব শুনে পরিবেশ কর্মী এবং পশুপ্রেমীরাও সেখানে উপস্থিত হন। বনদপ্তরকে খবর দেওয়া হয়।

