আমাদের ভারত, হাওড়া, ২২ অক্টোবর: উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ গাইড সহ রাজ্যের ৫ বাঙালি পর্যটকের উদ্ধার হল মৃতদেহ। এই ৫ জন পর্যটকরা হলেন বাগনানের মুড়ালিবাড়ের বাসিন্দা চন্দ্রশেখর দাস, সরিৎ শেখর দাস ও সাগর দে, ঠাকুরপুকুরের বাসিন্দা সাধন বসাক এবং রানাঘাটের বাসিন্দা প্রীতম রায়। আজ এই খবর পাওয়ার পর তাদের পরিজনরা কান্নায় ভেঙে পড়ে।

জানা গেছে, উত্তরাখন্ডের কুমায়ুন রেঞ্জের সুন্দরডুঙা যাওয়ার জন্য বাগনানের বাসিন্দা চন্দ্রশেখর দাস, সরিৎ শেখর দাস, সাগর দে এবং ঠাকুরপুকুরের বাসিন্দা সাধন বসাক ও রানাঘাটের বাসিন্দা প্রীতম রায় হাওড়া থেকে রওনা দেয়। ১১ অক্টোবর রাতে তারা জায়কোনিতে রাত্রিবাস করে। ১২ তারিখ সকালে স্থানীয় এক গাইড সহ ৪ জন পোর্টারকে নিয়ে ৫ পর্যটক ট্রেকিংয়ের উদ্দ্যেশে রওনা দেয়। জানা গেছে, এই ১০ জন পায়ে হেঁটে বেস ক্যাম্পের উদ্দ্যেশে রওনা দেওয়ার পর ১৪ অক্টোবর কাঁঠালিয়া বেস ক্যাম্পে পৌঁছায়।এরপর থেকেই এই ৫ পর্যটকের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
এদিকে ১১দিন কেটে গেলেও পর্যটকদের কোনও খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছিল পরিবারের সদস্যদের। পর্যটকদের পরিবার সূত্রে খবর, ১১ অক্টোবর তারা ফোনে জানায় ১২ তারিখ থেকে ট্রেকিং শুরু করবে। ট্রেকিং থেকে ফিরে এসে ফোন করবে। এরপর থেকে তাদের আর কোনও খবর না পাওয়ায় শুক্রবার সকালে ওই এলাকার একজন গাইড দিনেশ সিং দানুকে ফোন করে খোঁজখবর নিতে বলা হয়। পরে দিনেশ জানায় ১৪ তারিখ কাঁঠালিয়া বেস ক্যাম্প থেকে ১০ জন সুন্দরডুঙার পথে রওনা দেওয়ার পর মাঝপথে দলটি খারাপ আবহাওয়ার কারণে তুষার ঝড়ের মুখে পড়ে। এরপরেই তারা নীচে নামতে শুরু করে। দিনেশ জানায়, ৪ জন পোর্টার নীচে নামতে পারলেও গাইড ও ৫ জন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদিকে ৫ পর্যটন নিখোঁজ হওয়ার পর থেকে আবহাওয়া খারাপ হওয়ার জন্য তাদের উদ্ধার করতে সমস্যা হচ্ছিল। জানা গেছে, নিখোঁজ পর্যটকদের খোঁজে সেনাবাহিনীর দুটি হেলিকপ্টারের পাশাপাশি পায়ে হেঁটে একটি দল উদ্ধারকার্য চালাচ্ছে। যদিও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। শেষ পর্যন্ত আজ ওই পাঁচ পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়।

