পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে এক নাবালক সহ গ্রেপ্তার ৫।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে শৌচকর্ম করতে গিয়েছিল ১৩ বছরের ওই নাবালিকা। সেই সময় তার কিছুটা দূরে মদ্যপান করছিল অভিযুক্ত ওই পাঁচজন। তারা মদ্যপ অবস্থায় ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। তবে এই ঘটনার পরে বাড়িতে লজ্জায় না বলতে পারলেও পরবর্তী ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। এরপর বাড়ির লোক চাপ দিলে কান্নায় ভেঙে পড়ে এবং সমস্ত ঘটনা খুলে বলে পরিবারের সদস্যদের। বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা।
অন্যদিকে পরিবারের অভিযোগে তদন্তে নেমে শুক্রবার রাতে পাঁচজনকে গ্রেফতার করে গড়বেতা থানার পুলিশ। শনিবার ওই অভিযুক্তদের মেদিনীপুর আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

