অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ মে: ঘূর্ণিঝড় যস সেরকম ভাবে ক্ষতি করতে পারেনি ঝাড়গ্রাম জেলায়। কিন্তু বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফর্মার কোনও ক্ষতি না হলেও বিদ্যুতের দেখা নাই। যসের কারণে বিদ্যুৎ পরিষেবা কিছুক্ষণের জন্য বন্ধ থাকার কথা থাকলেও ৪৮ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন গোপীবল্লভপুর ২নং ব্লকের খাড়বান্ধি, পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের পুরো এলাকা এবং বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের আংশিক এলাকা। গতকাল ঝড়ের পর থেকে প্রতিনিয়তই বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জানিয়েও এই সমস্যার কোনও সুরাহা হয়নি।
এলাকাবাসীদের আরও অভিযোগ, সমান্য একটু বৃষ্টি হলেই দীর্ঘক্ষণ এই সব এলাকাগুলোতে বিদ্যুৎ দাকে না। বিদ্যুতের এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন জায়গায় বছরের পর বছর ধরে একাধিকবার অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি। তাই বিদ্যুৎ না থাকার কারণে বছর খানেক আগে গোয়ালমারা বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। বিদ্যুৎ দপ্তর থেকে আশ্বাস দেওয়া হয় কিছুদিনের মধ্যে সমস্যা সমাধান করে দেওয়া হবে। কিন্তু তা আজও কথার কথা হয়ে রয়ে গেছে। টানা ২ দিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকার ফলে সাধারণ মানুষ খুবই সমস্যায় পড়েছেন।

প্রসঙ্গত, এই এলাকা দিয়ে বয়ে যাওয়ার কথা ছিল ঘূর্ণিঝড়ের, তেমনি আগাম সর্তকতা দেওয়া ছিল। কিন্তু অভিমুখ পরিবর্তন হওয়ায় তা আর হয়নি তাই এলাকার পরিস্থিতি জানতে অনেকের আত্মীয়-স্বজনরা ফোন করেও ফোনে পাচ্ছেন না কারণ ফোনে চার্জ নেই তাই আজ গোপীল্লভপুর ২ নং ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের জ্যোতিগোবরা গ্রামে বাসিন্দারা একপ্রকার বাধ্য হয়ে জেনারেটর চালিয়ে চলছে মোবাইল, চার্জিং লাইট সহ বিভিন্ন বৈদ্যুতিক দ্রব্যের চার্জ দেওয়ার কাজ।

