বিরাট আয়োজন! ধর্মতলায় ৪৬ ফুটের বিশাল মঞ্চ, ভোর ৩টে থেকে গাড়ি প্রবেশ বন্ধ শহরে, একাধিক স্কুলে ছুটি ঘোষণা ২১ জুলাই

আমাদের ভারত, ১৯ জুলাই: তৃণমূলের শহিদ সমাবেশকে ঘিরে সাজসাজ রব মহানগরী জুড়ে। ধর্মতলায় তৈরি হয়েছে ৪৬ ফুট উঁচু মঞ্চ। অতিমারির দু’বছর পরে এলাহি আয়োজন সমাবেশ ঘিরে। ২১ জুলাই অবরুদ্ধ হবে শহর, তাই আগে থেকেই তৎপর হয়েছে শহরের নামী বেসরকারি স্কুল। একাধিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে ওই দিন।

গত দু’বছর মহামারির কারণে ভার্চুয়ালি শহিদ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস। এবার সেই কারণেই শহিদ দিবসে রেকর্ড ভিড়ের সম্ভাবনা রয়েছে। দল জানিয়েছে, ইতিমধ্যে জেলা স্তর থেকে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন। শহরের যান চলাচলে নিয়ন্ত্রণ শুরু হয়েছে। একাধিক রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। ২১ জুলাইয়ের দিন ভোর তিনটে থেকে শহরে কোনো যান প্রবেশ করবেন না বলে জানানো হয়েছে।

একুশের ভোটের পর এই শহিদ মঞ্চে একপ্রকার বিজয় উৎসবে হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সেই কারণে শহিদ সমাবেশের মঞ্চে বড় পরিবর্তন আনা হয়েছে। আয়তনে বিরাট বড় হবে এই মঞ্চ। দৈর্ঘ্য-প্রস্থে বাড়িয়ে ৮০ ফুট বাই ৪৬ ফুট মঞ্চ তৈরি হয়েছে। তিন তিনটি স্টেজ তাতে ৫০০ জনের বসার বন্দোবস্ত রয়েছে। মঞ্চে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ভিড় সামাল দিতে ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।আগের দিন থেকেই জেলা থেকে শহরে অতিরিক্ত বাস চালানো হবে।

বিপুল জনসমাগম হবে একুশে জুলাই, সে কথা মাথায় রেখেই শহরের একাধিক নামি স্কুল ছুটি ঘোষণা করেছে। যাতায়াতের ক্ষেত্রে পড়ুয়ারা সমস্যায় পড়তে পারে ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল। ডিপিএস রুবি পার্ক, লা মার্টিনা, ডন বস্কো, হেরিটেজ, গোখেল মেমোরিয়াল স্কুল ছুটি দিয়েছে একুশে জুলাই।আবার বেশকিছু স্কুল অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে। সাউথ পয়েন্ট অনলাইন স্কুল করবে বলে জানিয়েছে। বালিগঞ্জ শিক্ষা সদন অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে।

একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ ঘিরে নিরাপত্তার করাকরি করা হয়েছে। হাই রেডিও ফ্লাইং স্কোয়ার্ড, রেডিও ফ্লাইং স্কোয়ার্ড, কুইক রেসপন্স টিম, মোবাইল পেট্রোলিং ভ্যান সহ শহরের বিভিন্ন প্রান্তে ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার ১৭ অফিসার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার সহ লালবাজারের শীর্ষ কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *