আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ ফেব্রুয়ারি: “৪১ জন তৃণমূল বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে প্রস্তুত হয়ে আছে, বিজেপিতে তাদের যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। নির্বাচনী আচরণ বিধি লাগু হলেই তারা তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগ দেবে। দিদিমণি এই সরকারকে কোনও ভাবেই বাঁচাতে পারবেন না– বললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। উত্তর ২৪ পরগনার সোদপুর নাটাগড়ে চা চক্রে যোগ দিতে এসে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এই মন্তব্য করেন অর্জুন সিং।
অর্জুন সিং বলেন, দিদিমণি এখন ব্যস্ত ভাইপোকে বাঁচাতে। এখন যে দুই একজন তৃণমূল বিধায়ককে দেখেন টিভিতে তৃণমূলের হয়ে বিতর্ক সভায় বক্তব্য রাখছেন, তাদেরই দুই একদিন পরে দেখবেন ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিচ্ছেন।” এদিন অর্জুন সিং মদন মিত্রের কঠোর সমালোচনা করে বলেন, “মদন মিত্রকে এলাকায় ঢুকতে দেবন না। ও নোংরা লোক। সুস্থ সমাজকে দূষিত করে তুলবেন না। চোরকে যে ভাবে সবাই এলাকা ছাড়া করে, সেই ভাবে মদন মিত্রকে তাড়িয়ে দিন এলাকা থেকে। পুলিশ এখনও বুঝতে পারছে না যে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকবে না। তাই যারা সরকারের পক্ষে স্বেচ্ছাচারিতা করছেন করুন, এখন সময়ের অপেক্ষা। যারা আমাদের কর্মীদের এখনো মারছেন, তাদের উদ্দেশ্যে বলব, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এবার সেটাই দেখতে পাবেন।”
সরস্বতী পুজোয় এই নাটাগড় এলাকায় বিজেপি কর্মী শুভাশীষ দাস ও তাঁর বাবাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছিল বলে অভিযোগ। নাটাগড়ে চা চক্রের শেষে সাংসদ অর্জুন সিং আক্রান্ত সেই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন ও কথা বলেন। আক্রান্ত ওই বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন।

