সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২০ নভেম্বর: চুরি যাওয়া টোটোর কিনারা করতে গিয়ে হদিশ মিলল ৪০টি মোটর সাইকেল ও ১০টি টোটোর। পুলিশ সেগুলি উদ্ধার করে গ্রেফতার করেছে মূল পান্ডাকে।
আজ সকাল সাড়ে ১০ টায় শালতোড়া থানায় একটি সাংবাদিক সম্মেলন করে বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এই খবর জানিয়ে বলেন, গতকাল অর্থাৎ শুক্রবার দুপুরে শালতোড়া থানার এক ব্যক্তি টোটো চুরির অভিযোগ দায়ের করেন। তার তদন্ত করতে গিয়ে উদ্ধার হয় ৪০ টি বাইক ও ১০ টি টোটো। তিনি বলেন, এছাড়াও গত কয়েকদিন আগে গঙ্গাজলঘাঁটি ও শালতোড়া এলাকা থেকে চুরি যায় ২ টি মোটর সাইকেল ও ২ টি টোটো। এই চুরির তদন্তে নামে বাঁকুড়া জেলা পুলিশ। তারপরই উঠে আসে বড়োসড়ো রহস্য। গতকালই নাকা চেকিং পয়েন্টে ধরা পড়ে একজন। তার নাম লাল্টু ওরফে প্রবোধ মন্ডল। তাকে জিজ্ঞাসাবাদ করতেই ফাঁস হয় এই চক্রের মূল পান্ডা সেই’ই। প্রবোধ মন্ডলের বাড়ি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার বাড়ুল গ্রাম। সে একটি আন্ত:জেলা চুরির চক্রের সঙ্গে জড়িত। তিনি বলেন, ওকে ধরার দেড় দিনের মধ্যে উদ্ধার হয় ৪০ টি বাইক এবং ১০ টি টোটো। শালতোড়া থানার পুলিশ সংশ্লিষ্ট এলাকা থেকে ৩০ টি বাইক ও গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ সেখান থেকে ৭ টি বাইক উদ্ধার করে। বাকি ছাতনা, বেলিয়াতোড় ও বাঁকুড়া সদর থানা থেকে উদ্ধার হয় ১ টি করে বাইক। এই ৪০ টি বাইক ও ১০ টি টোটোর মধ্যে দুটি করে শালতোড়া ও গঙ্গাজলঘাঁটি থানার, বাকিগুলি পুরুলিয়ার সাঁতুড়ি ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এলাকা থেকে চুরি হয়।

পুলিশ সুপার জানান, ধৃতের কাছ থেকে দুটি মাষ্টার কী পাওয়া গেছে। যে দুটি দিয়ে সে অনায়াসে বাইক ও টোটো’র তালা খুলে নিয়ে চম্পট দিত। তিনি বলেন, আমরা তদন্তের জন্য জেলা পুলিশের আধিকারিকদের নিয়ে ৪ টি স্পেশাল টিম করে এগোচ্ছিলাম। আমাদের এই তদন্তের কথা জানতে পেরে বেশ কয়েক জন যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিলেন সেরকম ৫ জন ব্যক্তি আমাদের কাছে বাইক ফেরৎ দিয়ে গেছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ দিয়ে তিনি জানান, জেলাবাসীকেও ধন্যবাদ পুলিশের তদন্তে সাহায্য করার জন্য। তিনি জেলাবাসীর উদ্যেশ্যে জানান, যারা সেকেন্ড হ্যান্ড বাইক বা টোটো কিনবেন তারা ভালো করে কাগজ পত্র দেখে নেবেন। কেননা অনেকেই না জেনে পুরনো বাইক কিনেছেন। সন্দেহ হলে পুলিশকে জানান। তাতে আমরা তাকে সহযোগিতা করব। অন্যথায় ধরা পড়লে শাস্তি পেতে হবে।
উল্লেখ্য, গত দেড় মাসের মধ্যে বাঁকুড়া জেলা পুলিশ ৮৪ টি বাইক ও ২৪ টি টোটো উদ্ধার করে বড়োসড় সাফল্য পেয়েছে। এই চুরির সাথে যুক্ত মূল অভিযুক্ত প্রবোধ মন্ডল যার নামে ছাতনা ও আসানসোল থানায় অভিযোগ রয়েছে তাকে আজ বাঁকুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

