গাংনাপুরে হনুমানের আক্রমণে আহত ৪০, রানাঘাট মহকুমা হাসপাতালে একাধিক জন চিকিৎসাধীন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ এপ্রিল: হনুমানের অত্যাচারে অতিষ্ঠ গ্রামের মানুষ। গত ১৫ দিন ধরে গাংনাপুর থানার গোপীনগর, অনন্তপুর, শিরীষনগর এই গ্রামগুলিতে চরম অত্যাচার চালাচ্ছে একদল হনুমান। ইতিমধ্যেই হনুমানের কামড়ে আহত হয়েছেন প্রায় ৪০ জন গ্রামবাসী। আহতদের মধ্যে বেশ কয়েকজন রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ প্রশাসন ও বনদপ্তরকে বার বার বলা সত্ত্বেও তাদের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে গাংনাপুর থানার সামনে রাজ্যসড়ক অবরোধ করে গ্রামবাসীরা। পরে পুলিশের আশ্বাসে সেই অবরোধ উঠে যায়। গত ১৫ দিন ধরে গাংনাপুর থানার বিস্তীর্ণ অঞ্চলে হনুমানের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। স্কুল পড়ুয়াদের স্কুলে যাওয়া মাথায় উঠেছে। ইতিমধ্যেই গ্রামবাসীদের প্রচেষ্টায় একটি হনুমান ধরা পড়েছে। কিন্তু বাকি হনুমানদের এখনো নাগাল পাওয়া যায়নি। এমনই অবস্থা দাঁড়িয়েছে যে গাংনাপুর বাজারে কেউ বাজার করতেই আসছেন না হনুমানের ভয়ে। যার ফলে বেশ কিছুদিন ধরে ব্যাপক ক্ষতিগ্রস্ত গাংনাপুর বাজারের ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *