গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৯ জুন:
যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০ জন যাত্রী। আশঙ্কাজনক ১৫ জন। ডাম্পারের চাকায় আটকে পড়ে দুই বাইক আরোহী। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগ- মেদিনীপুর ৭ নম্বর সড়কে কামারপুকুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, বাসটি বর্ধমান থেকে মেচেদা স্টেশনের দিকে যাচ্ছিল। ডাম্পারটি কামারপুকুর থেকে আরামবাগের দিকে আসছিল। বাস ও ডাম্পারটি প্রচন্ড গতিতে ছিল। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পাশাপাশি একটি বাইকে ধাক্কা মারে। বাইকটি ডাম্পারের তলায় ঢুকে যায়। এরপরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে।
খবর পেয়ে ছুটে আসে গোঘাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু আহতদের স্থানান্তর করা হয় আরামবাগ মেডিকেল কলেজে। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৪০ জন বাসযাত্রী। আশঙ্কাজনক ১৫ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। গোঘাট থানার পুলিশ বাস ও ডাম্পারটি আটক করেছে।

