সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ সেপ্টেম্বর: ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে ২৬ কেজি গাঁজা সহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ভারত- বাংলাদেশ সীমান্তের সুটিয়া এলাকা থেকে বিএসএফের ১০৭ নম্বর ব্যাটেলিয়ন গাঁজা সহ চারজনকে গ্রেফতার করে। বিএসএফ জানিয়েছে, ধৃতদের নাম প্রসেনজিৎ মন্ডল, সুকান্ত মন্ডল, সুজয় মণ্ডল ও হাবিবুর রহমান মন্ডল। ধৃতদের শুক্রবার সকালে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয়।

বিএসএফ সূত্রের খবর, এদিন রাতে চার যুবক একটি মটর লাগানো ভ্যান করে বস্তা বন্ধি গাঁজা নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় বিএসএফের জওয়ানরা তল্লাশি চালিয়ে গাঁজা সহ চার মাদক পাচারকারীদের ধরে ফেলে। উদ্ধার হয় ২৬ কেজি গাঁজা। এরপর পাচারকারীদের সুটিয়ে বিওপিতে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, গাঁজাগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। শুক্রবার সকালে ধৃত পাচারকারীদের গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ওই চার পাচারকারীকে আজ বারাসত আদালতে পাঠিয়ে দেয়।

