সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ মার্চ: বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল সমর্থিত চার যুবককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বাড়ি ভাঙ্গচুর, বাইক ভাঙ্গচুর সহ অগ্নিসংযোগের মতো ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড থেকে ৪ জনকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। এর প্রতিবাদে বিক্ষুব্ধ তৃণমূলের নির্দলের কর্মী সমর্থকরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
বিক্ষোভকারীদের দাবি, মিথ্যা অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।নিঃশর্ত মুক্তি দিতে হবে ওই চার যুবককে। এই দাবি করে শুক্রবার সকালে বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ২৭ ফেব্রুয়ারি ভোটের দিন বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণকে কেন্দ্র করে বুথের বাইরে ব্যাপক গোলমাল বাধে। ভোট কেন্দ্রে ঢুকে পরে এক দল দুষ্কৃতী। এই নিয়ে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু পুলিশ ঝামেলা সামাল দিতে দুষ্কৃতীদের বুথ থেকে বের করে দেয়। এরপর বিকেলের দিকে এলাকার একাংশের মানুষ ভোটকর্মীদের তালাবন্দি করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তালা খুলে মুক্ত করা হয় ভোট কর্মীদের।
ওই ওয়ার্ডের নির্দল প্রার্থী চিরঞ্জিত বিশ্বাসের দাবি, একদল দুষ্কৃতী ভোট লুট করতে আসে। স্থানীয় মানুষের প্রতিরোধে তারা পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে এলাকায় উপস্থিত হন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সেই সময়ের মতো সমস্যা মিটে যায়। ভোট গণনার পর দেখা যায়, এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস।

এদিকে, পুলিশ জানিয়েছে, ভোটের দিন এলাকায় বাড়ি, মোটর বাইক ভাঙ্গচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোররাতে বনগাঁর ১৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকা থেকে পুলিশ ছট্টু বিশ্বাস, বিশ্বনাথ হালদার, দীপক হালদার এবং ইসমাইল রানা নামে ৪ জনকে গ্রেফতার করে।
অন্যদিকে, এই গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার সকালে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন ১৮ নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস এবং তাঁর অনুগামীরা। তাঁদের দাবি, এলাকার মানুষ বহিরাগতদের ভোট লুটের ঘটনা প্রতিহত করেছেন। কোনও ভাঙ্গচুর, আগুন লাগানোর ঘটনা ঘটানো হয়নি। মিথ্যা অভিযোগে এলাকার ৪ জন নিরপরাধ যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ বনগাঁ আদালতে তোলা হয়।

