আমাদের ভারত, ২৮ জানুয়ারি: রাজ্যের ৪টি পৌরসভা ভোটের ফল প্রকাশের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। রাজ্যে করোনা সংক্রমণ হু হু করে বাড়ার কারণে ৪ পুরসভার ভোটের দিন পিছিয়ে দেয় কমিশন। কমিশনের নতুন ঘোষণায় বলা হয়েছিল ২২ জানুয়ারির পরিবর্তে পৌরসভা ভোট হবে ১২ ফেব্রুয়ারি। কিন্তু তখন ফল প্রকাশের দিন ঘোষণা করেনি কমিশন। আজ কমিশন বিজ্ঞপ্তি দিয়ে ভোট গণনার দিন ঘোষণা করল।
বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়িতে ১২ফেব্রুয়ারি ভোট হবে। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানালো আগামী ১৪ ফেব্রুয়ারি পুরভোটের ফল ঘোষণা হবে। বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে ১৪ ফেব্রুয়ারি ৪ পুরসভার ভোট গণনা হবে। ওই দিনই হবে ফল প্রকাশ।
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে করোনার সংক্রমণ কিছুটা কমতে পারে বলে আগাম অনুমান ছিল বিশেষজ্ঞদের। রাজ্যে ইতিমধ্যেই করোনা সংক্রমণ কিছুটা নিম্নমুখী। ওয়াকিবহাল মহলের ধারণা সেই কথা মাথায় রেখেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্যে ভোট প্রক্রিয়া দ্রুত মেটানোর পক্ষে সরকার । কিন্তু করোনা আবহে নির্বাচনের দিন পেছানো প্রয়োজন কিনা তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। করোনা পরিস্থিতিতে ৪ পুরনিগমের ভোট পিছিয়ে নিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতে হাইকোর্ট বলেছিল, কোভিড পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়া প্রয়োজন কিনা তার সব দিক খতিয়ে দেখে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। রাজ্য সরকার কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল পুরভোট যদি পিছিয়ে দেওয়া হয় তাতে তাদের কোনো আপত্তি থাকবে না।

