বানচাল বড়সড় ডাকাতির ছক, গভীর রাতে গোপালনগর থেকে ধৃত ৪ দুষ্কৃতী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ এপ্রিল: বড়সড় ডাকাতির ছক বানচাল করল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। গ্রেফতার করা হল চার দুষ্কৃতীকে। সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয় তাদের। উদ্ধার করা হয়েছে দুটি আগ্নায়েস্ত্র, তিনটি গুলি, ভোজলি-চপার-ছুরি-তালা ভাঙ্গার রড-সহ আরও সামগ্রী। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে অনুমান পুলিশের।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সাহেব সর্দার, কিতাব আলী মন্ডল, আবু তাহের তরফদার, সিদ্ধার্থ সাহা। এদের বয়স ২৩ থেকে ৩০ এর মধ্যে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বেশ কিছু যুবক গোপালনগরের কানসোনা পেট্রোল পাম্পের কাছে একটি অন্ধকার জায়গায় জড়ো হয়েছে। তাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে। এই খবরের ভিত্তিতে গোপালনগর থানার পুলিশের একটি দল সেখানে যায়। যদিও সেখানে কাউকে দেখতে পাননি তাঁরা। এরপর সেখানে বেশ কিছুক্ষণ ওৎ পেতে অপেক্ষা করতে থাকে পুলিশ আধিকারিকরা। বেশ কিছুক্ষণ পর দেখা যায়, এক এক করে সেখানে জড়ো হচ্ছে বেশ কয়েক জন যুবক। তাদের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছায় ৯-১০-এ। তাদের প্রত্যেকের হাতেই ছিল ধারালো অস্ত্র। এর পরই পুলিশ তাদের ঘিরে ফেলে। যদিও সুযোগ বুঝে তাদের মধ্যে কয়েক জন পালিয়ে যায়। পুলিশ গ্রেফতার করে চার জনকে। বাজেয়াপ্ত করা হয় অস্ত্রশস্ত্র। ধৃতদের মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *