জয় লাহা, দুর্গাপুর, ২৭ অক্টোবর: দুর্গাপুর ও কাঁকসায় পৃথক দুটি দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। মঙ্গলবার রাতে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুজনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন রেল ওভারব্রিজের ওপরে। ঘটনার জেরে বেশ কয়েকঘন্টা অবরূদ্ধ হয়ে পড়ে দুর্গাপুর বাঁকুড়া সড়কের ওই ওভারব্রিজ। পুলিশ সুত্রে জানাগেছে, মৃতদের নাম অরূপ ভৌমিক (৪০)। তাঁর বাড়ি দুর্গাপুর শ্রীনগর পল্লী এলাকায়। তিনি ওই অটোর চালক। মৃত যাত্রী’র নাম সৌরভ দে (১৭)। তাঁর বাড়ি দুর্গাপুরের ৫৪ ফুট এলাকায়।

ঘটনায় জানাগেছে, এদিন রাত ১১ টা নাগাদ রেল ব্রিজের ওপর বাঁকুড়ার একটি আটোকে ধাক্কা মারে একটি ট্রাক। ট্রাকটি দ্রুত গতি থাকায় অটোটির সামনের অংশ দুমড়ে মুচড়ে ঢুকে যায়। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্থদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, ট্রাকটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
অন্যদিকে বুধবার দুপুরে পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়কের ওপর কাঁকসার বেলডাঙ্গায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় দুই মোটরবাইক আরোহীর।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃতদের নাম বিন্দাই লোহার (২২) ও সনজিৎ মহন্ত (২৩)। ঘটনায় জানা গেছে, দুপুর দুটো নাগাদ ওই দুই যুবক ইলামবাজারের দিকে যাচ্ছিল। ওই সময় বেলডাঙ্গার কাছে বাইকের পিছনে বোলপুরগামী একটি লরি ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

এদিকে বেপরোয়া লরি চলাচলের প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি সামাল দেয় এবং তারপর সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

