ভোরে মুর্শিদাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৪, জখম তিন

আমাদের ভারত, বহরমপুর, ৫ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা সহ আরো ৩ জন। বৃহস্পতিবার ভোরবেলায় মুর্শিদাবাদের নবগ্রাম থানার পোমিয়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। ওই দুর্ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজ সকালে পোমিয়া মোড়ে গ্রামের কয়েকজন শ্রমিক বহরমপুর শহরে কাজে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন। ওই শ্রমিক সহ দুজন মহিলা ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা ম্যাজিক গাড়িতে উঠতে গেলে একই দিক থেকে আসা অপর একটি চারচাকা ভ্যান সজোরে ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় নবগ্রাম থানার পুলিশ।

দুর্ঘটনায় মৃত ও আহত ব্যক্তিরা প্রত্যেকে একই গ্রামের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। ওই এলাকায় রাস্তা সমান্তরাল না থাকায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ শুরু করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় নবগ্রাম থানার পুলিশ। মৃতদের নাম রাজু মন্ডল (৩৬), জয় মন্ডল (৪০), সবকা মন্ডল (৫০), হেলালউদ্দিন শেখ(২৪), গাড়ি চালক। মৃতদেহগুলি বহরমপুর মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *