জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছে বাঁশদা চাতালে এক গাড়ি দুর্ঘটনায় চার জন ফুটবলারের মৃত্যু হয়েছে। ফুটবল খেলোয়ারদের নিয়ে একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়েছে। পরে বিভিন্ন হাসপাতালে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, রবিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ ফুটবল খেলোয়াড়দের নিয়ে একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে বোষ্টমমোড়ে যাবার পথে, গতিবেগ বেশি থাকার জন্য বাঁশদা চাতালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পিকআপ ভ্যানে থাকা সব যাত্রীই আহত হয়েছেন। সবাইকেই উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়বে বলে স্থানীয়দের অনুমান।

