তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪, কুড়মি সমাজের রাজ্য সভাপতি সহ মোট ১৫ জনের নামে এফআইআর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ মে: নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা ও মন্ত্রীর গাড়ি ভাঙ্গচুরের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করলো ৪ জনকে। কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো সহ মোট ১৫ জনের নামে এফআইআর করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। ধৃতদের শনিবার তোলা হলো ঝাড়গ্রাম আদালতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চার জনের মধ্যেই তিন জনের বাড়ি শালবনী থানা এলাকায়। ধৃতরা হলেন অনিত মাহাত (৪২), পেশায় গাড়ির চালক। মনমোহিত মাহাত (৩৯) পেশায় গাড়ির চালক, অজিত মাহাত(৪২) পেশায় চা বিক্রেতা। এছাড়াও গ্রেপ্তার করা হয়ছে আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাত (৫০)কে। অনুপের বাড়ি মানিকপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৫৩, ৩৩২ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার রাতেই এই চার জনকে গ্রেফতার করছে পুলিশ।

অভিযুক্ত পক্ষের আইনজীবী দেবনাথ চৌধুরী বলেন, “ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে এফআইআর করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। ৪ জনকে গ্রেফতার করে। এদিন আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে তদন্তের সাপেক্ষে ৪ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। আদালতের কাছে আমি জামিনের আবেদন জানালে আদালত জামিন খারিজ করে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন”।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে ঝাড়গ্রাম জেলায় নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলপাহাড়িতে রোড শো করেন তিনি। সেখান থেকে জামবনি ব্লকের পড়িহাটিতে রোড শো করেন তিনি। পড়িহাটি থেকে বিনপুর ১ ব্লকের দহিজুড়িতে পৌঁছান অভিষেক। সেখানে রোড শো করেন। তারপর ঝাড়গ্রাম শহরে পৌঁছোন। ঝাড়গ্রামেও রোড শো করেন। ঝাড়গ্রাম শহরে রোড শো শেষ করে ৫ নাম্বার রাজ্য সড়ক ধরে লোধাশুলি হয়ে গজাশিমূলের ক্যাম্পে আসার সময় শালবনি এলাকার গড়শালবনি এলাকায় অভিষেকের কনভয় দেখার সাথে সাথে বিক্ষোভ দেখাতে শুরু করে কুড়মিরা। অভিযোগ, অভিষেকের গাড়ি পার হওয়ার সাথে সাথে অভিষেকের কনভয়ের সাথে থাকা গাড়িতে পাথর ছুঁড়তে শুরু করে কুড়মিরা। বাঁশের লাঠি দিয়ে গাড়িতে ও বাইক আরোহীদের মারধর করা হয় বলে অভিযোগ। কুড়মিদের পাথর ছোড়ার ফলে ভেঙ্গে যায় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি। ঘটনায় আহত হয় মন্ত্রীর গাড়ির চালক। পাথর মারা হয় সংবাদমাধ্যমের গাড়িতেও। ঘটনায় আহত হয়েছেন বেশকয়েক জন তৃণমূল কর্মী এবং পথ চলতি সাধারণ মানুষ জন।

শুক্রবার রাতে ঘটনার পরেই অভিষেক এবং মমতার কথোপকথন হয়। ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ঘটনার রিপোর্টও তলব করে নবান্ন।
পাশাপাশি আজ বিকেলে আরও তিনজনকে গ্ৰেপ্তার করা হয় বলে ঝাড়গ্ৰাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই নিয়ে মোট গ্ৰেপ্তারের সংখ্যা বেড়ে হলো সাত জন। ঝাড়গ্রামে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা ও ভাঙ্গচুরের অভিযোগে কুড়মি নেতা রাজেশ মাহাত, শিবাজী মাহাত ও রাকেশ মাহাতকে আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *