জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল: প্রেমিকার দ্বারা তার মাকে খুন করার অভিযোগে গ্রেফতার প্রেমিক ও তার বাবা মা। গ্রেপ্তার করা হয়েছে নাবালিকা প্রেমিকাকেও। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের কোতোয়ালী থানার পাটনা বাজার এলাকায়।
পুলিশ ও মৃতার পরিবার সুত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ১ লা বৈশাখ মেদিনীপুর শহরের পাটনা বাজারের বাসিন্দা অংশুজিৎ দত্তের নাবালিকা মেয়ে তার মা অনিতা দত্তকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর পরই অনিতা দেবী অচৈতন্য হয়ে পড়ে। এরপর পরিবার পরিজনেরা অনিতা দত্তকে তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অনিতা দেবীর স্বামী সহ পরিবার পরিজনেরা বুঝে উঠতে পারছিলেন না কিভাবে ঘটনাটি ঘটলো।
দিন কয়েক আগে নাবালিকা মেয়ের মোবাইল চ্যাট দেখে নাবালিকার বাবা সহ পরিবার পরিজনেরা জানতে পারে, তাদের নাবালিকা মেয়েকে তার প্রেমিক জিৎ আঢ্য প্ররোচনা দিয়ে অনিতকে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেয়। এরপরই অনিতা দত্তের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয় নাবালিকা মেয়ে ও তার প্রেমিক এবং প্রেমিকের বাবা মায়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মেদিনীপুরের কোতয়ালী থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার নাবালিকাকে জুভেনাইল কোর্টে তোলা হয় এবং বাকি তিনজনকে মেদিনীপুর আদালতে তোলা হয়। বিচারক একজনকে তিন দিনের পুলিশ হেফাজত ও বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন সরকারি পক্ষের আইনজীবী মোহাম্মদ নাজিম হাবিব।

