Reunion, Midnapur College, মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর ৩৯তম পুনর্মিলন উৎসব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর ৩৯তম পুনর্মিলন উৎসবের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ১ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজ (স্বশাসিত) প্রাঙ্গণে। এই পুনর্মিলন উৎসবে প্রায় সাতশো প্রাক্তনী অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশে কর্মরত প্রাক্তনীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে কলেজ চত্বর। সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেদিনীপুর কলেজের (স্বশাসিত) অধ্যক্ষ তথা প্রাক্তন ছাত্র সম্মিলনীর সভাপতি ডক্টর অসিত পান্ডা। কলেজের ঐতিহ্যবাহী বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হয় দিনের মূল অনুষ্ঠান। এদিন বিভিন্ন বিশিষ্ট প্রাক্তনীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধিত হন পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সচিব প্রাক্তনী ড: সিদ্ধার্থ শংকর চক্রবর্তী, খড়গপুর আইআইটি’র অধ্যাপক ড: নিহার রঞ্জন জানা সহ মোট ১১ জন কৃতি প্রাক্তনী। বিশেষভাবে অভিনন্দিত হন মেদিনীপুর কলেজের প্রাক্তনী, মেদিনীপুরের গর্ব সদ্য ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবি।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র সম্মিলনীর সম্পাদক শ্রী কুনাল ব্যানার্জি সারা বছরের কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। ৩৯তম পুনর্মিলন উৎসবে প্রাক্তন সম্মিলনীর পক্ষ থেকে প্রাক্তনী ভবন নির্মাণের জন্য একটি দেড় লক্ষ টাকার চেক কলেজের অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয়। প্রভাতী অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাক্তন ছাত্র সম্মিলনীর কার্যকরী সভাপতি তথা গড়বেতা কলেজের অধ্যক্ষ ডক্টর হরিপ্রসাদ সরকার।
দ্বিপ্রহরিক আহারের পর অন্তক্ষারি প্রতিযোগিতা হয় এবং পূর্বে অনুষ্ঠিত বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় বিবেকানন্দ হলের সভামঞ্চে প্রাক্তনীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি ও নাটক সমন্বিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩৯তম পুনর্মিলন উৎসবে কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও প্রাক্তন অধ্যাপকদের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তনী ও মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, খড়্গপুর গ্রামীণের বিধায়ক ও প্রাক্তনী দিনেন রায়, মেদিনীপুর পৌরসভার পৌরপিতা ও প্রাক্তনী সৌমেন খান এবং প্রাক্তন বিধায়ক ও প্রাক্তনী প্রদ্যুৎ ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *