২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৩৯৮৭, সুস্থ ৪১২৯, মৃত ৫৫

রাজেন রায়, কলকাতা, ৪ নভেম্বর: রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ ৩৯৮৭ জনের, সুস্থ হয়েছেন ৪১২৯ জন আর মৃত্যু হয়েছে ৫৫ জনের। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৮.৮৮ শতাংশে। বুধবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘন্টায় ৩৯৮৭ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮৯৫৭৬ জন। এদিন আরও ৫৫ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৭০৬৮ জনের। ২৪ ঘন্টায় আরও ৪১২৯ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ৩৪৬২৬২ জন।

এদিনও অন্যান্য জেলার সঙ্গে উত্তর ২৪ পরগনাতে ৯০৮ জন, কলকাতায় ৮৯৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩১৪ জন, নদিয়ায় ২৫১ জন, হুগলিতে ২৩৪ জন, পশ্চিম মেদিনীপুরে ১৪৬ জন, দার্জিলিংয়ে ১৪২ জন, মালদায় ১২২ জন, হাওড়ায় ১১৯ জন সুস্থ হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩৬২৪৬ জন। এ দিন ফের হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ার বদলে কমল ১৯৭ জন।

এখনও পর্যন্ত রাজ্যের ৯৪টি ল্যাবে মোট করোনা টেস্ট করা হল ৪৭৩৩৫০৮ জনের। যার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৫২১৩ জনের। রাজ্যের ৯৬টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল, ৪১টি সরকারি এবং ৫৫টি বেসরকারি হাসপাতালে মোট ১২৯৬৬টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ১৮০৯ জনের। ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি। তার মধ্যে মাত্র ৩৩.০৪ শতাংশ রোগী ভর্তি আছেন।

সরকারি ৫৮২টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ২৩৩৫ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০৮১২৫ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৮২৭১ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৮২৮০৮৩ জনকে। রাজ্যের ২০০টি সেফ হোমে ১১৫০৭টি বেড রয়েছে এবং তাতে ১০৩২ জন রোগী রয়েছেন।

এছাড়া এদিনের মৃত্যু হিসেবে বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৫৫ জনের। এ দিন উত্তর ২৪ পরগনায় ১৬ জন, কলকাতায় ১২ জনের, দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন এবং হুগলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাওড়ায় ৩ জন, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ২ জন করে আর জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রামে ১ জন করে আরও ১৫ রোগীর মৃত্যু হয়েছে।

এদিন অন্যান্য জেলার সঙ্গে কলকাতায় ৮৯৪ জন, উত্তর ২৪ পরগনায় ৮৭৮ জন, হাওড়ায় ২৭৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৬৩ জন, হুগলিতে ১৯২ জন, নদিয়ায় ১৮৫ জন, মালদায় ১৬৫ জন, দার্জিলিংয়ে ১৪০ জন, কোচবিহার ও পূর্ব মেদিনীপুরে ১০২ জন করে সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এদিনও সংক্রমণ বেড়েছে রাজ্যের সব জেলাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *