দক্ষিণ পূর্ব রেলের বাতিল ৩৫টি ট্রেন, ঘুর পথ ও সংক্ষিপ্ত যাত্রাপথে চলবে ১৬টি

সাথী দাস, পুরুলিয়া, ৪ এপ্রিল: আদিবাসী কুড়মি সমাজের রেল ও সড়ক অবরোধ কর্মসূচি হচ্ছেই। দক্ষিণ পূর্ব রেল আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে বেশ কিছু ট্রেন বাতিল করার কথা জানিয়ে দিয়েছে। আদ্রা ডিভিশন দিয়ে যাতায়াত করা দূর পাল্লার ও এক্সপ্রেস এবং লোকাল ৩৫টি ট্রেন বাতিল করেছে। ঘুর পথ ও সংক্ষিপ্ত যাত্রাপথ করা হয়েছে ১৬ টি যাত্রীবাহী ট্রেনের।

বেশ কিছু কুড়মি সম্প্রদায়কে তপসিলি উপজাতি তালিকাভুক্ত করা, সারনা ধর্মকে স্বীকৃতি, কুড়মি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্তির দাবিতে আগামী ৫ এপ্রিল সকাল ৬ টা থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে কুড়মি সমাজ। পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশন এবং ঝাড়গ্রামের খেমাশুলি স্টেশনে আন্দোলনের কথা ঘোষণা করেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। আজ নিজেদের দাবি ও কর্মসূচি থেকে অনড় রইল আদিবাসী কুড়মি সমাজ। আজ সেকথা স্পষ্ট করেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা। এই নিয়ে জেলার বিভিন্ন জায়গায় প্রচারও হয়।

উল্লেখ্য, গত বছরের ২০ সেপ্টেম্বর থেকে টানা পাঁচদিন ধরে রাজ্যের চার রেল স্টেশনে রেল রোকো আন্দোলনে সামিল হয়েছিল কুড়মি সমাজ। স্তব্ধ হয়ে গিয়েছিল পুরুলিয়ার সহ চার জেলার রেল পরিষেবা। রেল চলাচলে প্রভাব পড়ে বিভিন্ন রাজ্যেও। সেই সময় প্রশাসন থেকে প্রশাসনিক প্রতিশ্রুতি মিললেও দাবি পূরণ না হওয়ায় ফের রেল অবরোধের রাস্তায় নামতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ। গোটা বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হয়। রেল, আরপিএফ ও জেলা প্রশাসন বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করে। কাল বেশ কিছু পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *