আমাদের ভারত, ২০ মে:ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দাবি করেছে করোনার দ্বিতীয় ঢেউয়ে এখনো পর্যন্ত ৩২৯ এরও বেশী চিকিৎসকের মৃত্যু হয়েছে সারাদেশে। যার মধ্যে ৮০ জন চিকিৎসক শুধুমাত্র বিহারের।
আইএমএ জানিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ এখনো পর্যন্ত ৩২৯ জন চিকিৎসকের প্রাণ কেড়ে নিয়েছে। দিল্লিতে মৃত্যু হয়েছে ৭৩ জন চিকিৎসকের। উত্তরপ্রদেশে ৩১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আইএমএর দাবি সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ মিলিয়ে দেশে প্রতিদিন গড়ে কুড়ি জন চিকিৎসকের মৃত্যু হচ্ছে।
মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে দিনরাত এক করে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। দিনের পর দিন করোনা রোগীদের পরিষেবা দিতে গিয়ে নিজেরাই আক্রান্ত হচ্ছেন করোনায়। বহু চিকিৎসক রোগীকে সুস্থ করে বাড়ি ফেরাতে সফল হলেও নিজেরা ফিরতে পারেননি। ক্রমেই বাড়ছে চিকিৎসকদের মৃত্যুর সংখ্যা।
আই এম এ জানাচ্ছি ২০২০-তে করোনার প্রথম ঢেউতে ভারতে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। ২০২১এ এখনো পর্যন্ত ৩২৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় মিলে এখনো পর্যন্ত এক হাজারেরও বেশি চিকিৎসক করোনায় প্রাণ হারিয়েছে। আর স্বাভাবিক ভাবেই এই পরিসংখ্যান উদ্বেগ তৈরি করেছে চিকিৎসক মহলে।

