ডিএ ইস্যুতে ক্ষোভের আঁচ শিক্ষা সেলেও, বাঁকুড়ায় তৃণমূল শিক্ষা সেল থেকে পদত্যাগ ৩২ জন শিক্ষকের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ ফেব্রুয়ারি: ডিএ ইস্যুতে সারা রাজ্য ক্ষোভ বিক্ষোভে উত্তাল, তার মাঝেই এই ক্ষোভের আঁচ তৃণমূলের শিক্ষক সংগঠন হিসাবে পরিচিত শিক্ষা সেলেও। শাসক দল প্রভাবিত এই শিক্ষক সংগঠন থেকে একযোগে থেকে পদত্যাগ করলেন ৩২জন শিক্ষক। এই খবর প্রকাশ হতেই আজ জেলাজুড়ে জোর চাঞ্চল্য দেখা দিয়েছে। বাঁকুড়া জেলার ইন্দপুর থানার অন্তর্গত শালডিহা ইউনিটের সদস্য এই ৩২ জন শিক্ষক সংগঠনের ইউনিট সভাপতির মাধ্যমে সংগঠনের ব্লক সভাপতিকে লিখিতভাবে তাদের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন।

এই খবরে জেলার শিক্ষক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ডিএ ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ রয়েছে, কিন্তু প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাইছেন না। শালডিহা ইউনিটের এই ঘটনা জেলাজুড়ে শিক্ষকদের প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। পদত্যাগের একটা হিড়িক শুরু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এবিষয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গৌতম দাস বলেন, তৃণমূল শিক্ষা সেল থেকে কয়েক জন সদস্য পদত্যাগ করেছেন বলে শুনেছি, কিন্তু আমাদের শিক্ষা সেল বলে কোনও সংগঠন নেই। যারা পদত্যাগ করেছেন তারা শিক্ষা সেল থেকে করেছেন। আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতিতে এরকম কোনও পদত্যাগের খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *