বাঁকুড়া শহরে তিনশো বছরের প্রাচীন দত্ত বাড়ির অষ্টধাতুর দুর্গা প্রতিমা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ অক্টোবর: আধুনিক সময়ে থিম পুজো সকলের দৃষ্টি আকর্ষণ করলেও বনেদি বাড়ির পুজোর আমেজই আলাদা।আজও বিশেষ মযার্দা রয়েছে এই সব পুজোর। বাঁকুড়া শহরে এরকমই এক বনেদি বাড়ির পুজো প্রায় তিনশো বছর ধরে চলে আসছে।শহরের যুগিপাড়ার সন্নিকটে কায়স্থ পাড়ায় প্রাচীন কাল থেকেই দত্তদের বাস। প্রাচীন স্হাপত্যের নিদর্শন এই বাড়িজুড়ে। বাড়ির একপাশে ঠাকুর দালান। ঠাকুর দালানে বিরাজ করছেন অষ্ট ধাতুর প্রতিমা।

পরিবার সূত্রে জানা যায়, বাংলা ১৩৩৪ সালে দত্ত বংশের অন্যতম বংশধর চন্দ্র ভূষণ দত্ত ও তার ভাইয়েরা মিলে অষ্টধাতুর প্রতিমা প্রতিষ্ঠা করেন। দিনটা ছিল ৯ আশ্বিন। তারপর থেকে প্রায় শতবর্ষ হতে চললো অষ্টধাতুর প্রতিমার পুজো। এর আগে দুশো বছর ধরে এই বাড়িতেই মাটির প্রতিমা তৈরী করে পুজো হতো। সবমিলিয়ে তিনশো বছরের এই পুজোর জৌলুস সমান বিদ্যমান।

দত্ত পরিবারের এক সদস্য দীপঙ্কর দত্ত বলেন, বাড়ির প্রথা মতো দেবী পক্ষের শুরুতেই প্রতিষ্ঠিত ঘটে অন্যত্র পুজো হয়। এই সময়ে প্রতিমাকে নতুন সাজে সাজিয়ে তোলার কাজ চলে।মহাষষ্ঠীর দিন নবসাজে মায়ের বোধন পর্ব চলে।চারদিন ধরে চলে ধুমধাম করে পূজার্চনা। প্রসাদ গ্ৰহণ করেন আগত দর্শনার্থীরা। এক সময় দত্তদের প্রভাব প্রতিপত্তি ছিল শহরজুড়ে। সেই সময় বহু গণ্যমান্য ব্যক্তি হাজির হতেন পুজো দেখতে।সেই ট্রাডিশন আজও বজায় রয়েছে। জেলা ছাড়িয়ে দূরদূরান্তের বহু মানুষ ছুটে আসেন বনেদি বাড়ির পুজো দেখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *