ভয়বহ দুর্ঘটনায় প্রাণ গেল মেদিনীপুরের ৩ যুবকের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ মার্চ: সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মেদিনীপুর শহরের তিন যুবক। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর।

জানাগেছে, দীঘা গামী একটি সরকারি বাসের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই প্রাইভেট গাড়ির মধ্যে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই মারা যায়। বাসের সঙ্গে ধাক্কায় গাড়িটি এমন ভাবে দুমড়ে মুচড়ে যায় যে দুর্ঘটনার পর প্রায় তিন-চার ঘণ্টা পর গ্যাস কাটার দিয়ে তিনজনের নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, ওই চারচাকা গাড়িতে ৪ জন ছিলেন। তাঁরা সকলেই মঙ্গলবার ভোরে মেদিনীপুর শহর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। চালক সহ ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মেদিনীপুর শহরের ২১ নং ওয়ার্ডের মির্জাবাজার এলাকার যুবক প্রীতম চক্রবর্তী (৩২) সহ ৩ জনের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায়। বাকি ২ জনের মধ্যে ১ জন ছিলেন ওই চার চাকা গাড়ির মালিক। তিনি শহরের জুগনুতলা এলাকার বাসিন্দা। মৃত আরএক যুবকও জুগনুতলা এলাকার বাসিন্দা।

জানা গেছে, চারচাকা গাড়ির চালক প্রীতম এদিন চালকের আসনে ছিলেন না। গাড়ি চালাচ্ছিলেন জুগনুতলার বাসিন্দা অর্থাৎ গাড়ির যিনি মালিক তিনিই। প্রীতম তাঁর পাশের আসনে বসেছিলেন। পেছনের সিটে আরও দু’জন ছিলেন। তাঁরা কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন বলে জানা যায়।

অপরদিকে, কলকাতার দিক থেকে তীব্র গতিতে ধেয়ে আসছিল ওই সরকারি এসবিএসটিসি (SBSTC) বাসটি। বাগনানের কাছে বাসের সামনের টায়ার ফেটে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে, ডিভাইডার টপকে ওই চারচাকা গাড়িটিতে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই গাড়িতে থাকা তিনজনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে, বাসের কেউ আহত হননি।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বেশ কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে এবং মৃতদেহ উদ্ধার করে। এদিকে, সকাল দশটা-এগারোটা নাগাদ এই খবর মেদিনীপুর শহরে আসার পরই গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, সদ্য বিবাহিত যুবক প্রীতমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেদিনীপুর পৌরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মহঃ সাইফুল। তিনি জানান, বাকিদেরও নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *