আমাদের ভারত, হাওড়া, ৬ জুলাই: নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের কাঠ খোলার জন্য সেপটিক ট্যাঙ্কের ভিতরে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল ৩ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে জয়পুর থানার ঝামটিয়া ধরমপোতা গ্রামে। মৃতরা হল সেখ সাবির (৩৫), সেখ আল আমিন (২৬) এবং সেখ জেক্কার (২২)। মৃতেরা সকলেই বীরভূমের নলহাটির বাসিন্দা। জয়পুর থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
জানা গেছে, দীর্ঘ ৮ মাস ধরে ধরমপোতা গ্রামে একটি বাড়ি নির্মাণের কাজ করছিল ওই শ্রমিকরা। দিন ২০ আগে বাড়িটির সেপটিক ট্যাঙ্ক ঢালাই হয়েছিল। মঙ্গলবার সেই সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের কাঠ খোলার জন্য এক এক করে তিন শ্রমিক নীচে নামে এবং ভিতরের বিষাক্ত গ্যাসে প্রত্যেকের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা জয়পুর থানায় খবর দিলে জয়পুর থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে মৃতদেহগুলি উদ্ধার করে।
আরও পড়ুন রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর

প্রত্যক্ষদর্শী শ্রমিক নাজিম সেখ জানান, মঙ্গলবার তারা ৫ জন কাজ করছিল। সেপটিক ট্যাঙ্কের কাঠ খোলার জন্য প্রথমে জেক্কার নীচে নামে। বেশ কিছুক্ষণ তার কোনও সাড়াশব্দ না মেলায় ১০ মিনিট পর সেখ আল আমিন নীচে নামে। তারও কোনও সাড়াশব্দ না মেলায় ১৫ মিনিট পর সাবির নীচে নামে। দীর্ঘক্ষণ তার কোনও আওয়াজ না পেয়ে আমি নীচে উঁকি মেরে দেখি তিনজনে মাটিতে পড়ে আছে। পরে পুলিশ ও দমকল তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

