সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ সেপ্টেম্বর: বিপুল পরিমাণ গাঁজা সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার মুড়িঘাটা এলাকা থেকে উদ্ধার হয় ১৯৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা। পুলিশ জানিয়েছে, ধৃতরা বাংলাদেশে এই গাঁজা পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধৃতদের নাম জসিম মিনা, মুস্তাকিন মণ্ডল, আক্তারুল মণ্ডল। তারা বনগাঁ মহকুমা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, ওই দিন রাতে গোপন সূত্রে খবর আসে গোপালনগর থানায়। থানার ওসি চিন্তামণি নস্করের নেতৃত্বে পুলিশের একটি দল মুড়িঘাটা ব্রিজ এলাকায় পৌছায়। এরপর একটি সন্দেহ ভজন বোলেরো ভ্যান গাড়িকে আটক করে। এরপরি গাড়ি থেকে পালানোর চেষ্টা করে পাচারকারীরা। তিন জনকে আটক করলেও এক দুষ্কৃতী পালিয়ে যায়। গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৯৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা। এরপর গাড়িটি আটক করে ওই তিন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতদের বারাসত আদালতে তোলা হয়।
পুলিশ জানিয়েছে এর আগেও বেশ কয়েক জনকে গাঁজা-সহ গ্রেফতার করা হয়েছে। এদের পেছনে কে বা কারা আছে তা পুলিশ তদন্ত শুরু করেছে।

