সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ ফেব্রুয়ারি: বড়সড় ডাকাতির ছক
বানচাল করল পুলিশ। গ্রেফতার করা হল তিন দুষ্কৃতীকে।সোমবার গভীর রাতে উওর
২৪ পরগনার বাগদা থানার বাজিতপুর ব্রিজ চত্বর থেকে গ্রেফতার করা হয় তাদের।উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র সহ ভোজলি, চপার, ছুরি, তালা ভাঙ্গার রড সহ আরও সামগ্রী।
ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে
অনুমান পুলিশের।ধৃতদের নাম আবুবক্কর মণ্ডল, অরিন্দম বিশ্বাস ও শুভম বিশ্বাস। ধৃতরা বাগদা থানার বালিদাপুকুর ও গাংনাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বেশ কিছু
যুবক বাজিতপুর ব্রিজ চত্বরের কাছে একটি অন্ধকার জায়গায় জড়ো হয়েছে।তাদের হাতে ধারালো অস্ত্র
রয়েছে। ওই খবরের ভিত্তিতে বাগদা থানার ওসি চিন্তামণি নস্করের নেতৃত্বে একটি পুলিশেরে দল সেখানে যায়। একটি বোলেরো পিকআপ ভ্যান নিয়ে ৮-৯ জন সেখানে ছিল।তাদের প্রত্যেকের হাতেই ছিল ধারাল অস্ত্র।এর পরই পুলিশ তাদের ঘিরে ফেলে।যদিও সুযোগ বুঝে তাদের মধ্যে কয়েক জন পালিয়ে
যায়।পুলিশ গ্রেফতার করে তিন জনকে।বাজেয়াপ্ত করা হয় অস্ত্রশস্ত্র।

পুলিশ জানিয়েছেন, ধৃতদের জেরা করে জানা গিয়েছে,
আশপাশের কোনও এক
বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের।সে জন্যই জড়ো হচ্ছিল তারা। বাকিদের খোঁজে তল্লাশি
চালাচ্ছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার বনগাঁ
আদালতে তোলা হয়।

