রাজ্যে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে তিন সদস্যের কমিটি গঠন করতে বলল কলকাতা হাইকোর্ট

আমাদের ভারত, ৩১ মে: রাজ্যে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এরপর সোমবারে এই বিষয়ে মামলার রায় দিতে গিয়ে ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে তিন সদস্যের কমিটি গঠন করতে বলল আদালত।

আজকের রায়ে বলা হয়েছে, প্রতিটি মানুষেরই তাদের বাড়িতে ফিরে যাওয়ার এবং শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার রয়েছে। আর আইন-শৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের দায়িত্ব। হাইকোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি আই পি মুখার্জি,বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুব্রত তালুকদার।

হাইকোর্ট যে তিন সদস্যের কমিটি গঠন করতে বলেছে তাতে থাকবেন রাজ্য ও জাতীয় মানবাধিকার কমিশনের মনোনীত একজন করে ব্যক্তি। এছাড়াও রাজ্য সরকারের লিগাল সার্ভিসের সেক্রেটারি থাকবেন কমিটিতে। হাইকোর্টের বিচারপতিরা বলেছেন, যারা হিংসা কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তাদের পশ্চিমবঙ্গ লিগাল সার্ভিস কর্তৃপক্ষকে একটি মেইল পাঠাতে হবে। সেই মেইলের ভিত্তিতেই স্থানীয় থানা ওই ব্যাক্তির সঙ্গে যোগাযোগ করবে এবং ওই ব্যক্তিকে ঘরে ফেরানোর ব্যবস্থা করবে।

বিধানসভা ভোটের পর থেকে রাজ্যজুড়ে ঘটা হিংসার ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এগুলো বিক্ষিপ্ত ঘটনা। তিনি আরো দাবি করেছিলেন শাসক ও বিরোধী শিবির দুই পক্ষের লোক আক্রান্ত হয়েছে। তবে এ ঘটনা নিয়ে হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করেছিল। মামলার শুনানির দিন বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে বলেছিলেন, যেসব এলাকায় হিংসার ঘটনা ঘটছে এবং মানুষকে ঘর ছাড়তে হচ্ছে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে স্থানীয় পুলিশ কর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *