বীরপাড়ায় বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত ৩, রণক্ষেত্রের চেহারা নিল এলাকা

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৫ মার্চ: বীরপাড়া চৌপতি এলাকায় বালি বোঝাই ট্রাকের চাপায় ৩ জনের মৃত্যু হল। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। তোলাবাজির অভিযোগ তুলে পুলিশের গাড়ি ভাঙ্গচুর, পুলিশকে ঘিরে বিক্ষোভ এবং টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করল স্থানীয়রা

ঘটনার সূত্রপাত সোমবার দুপুর নাগাদ, জানা যায় আলিপুরদুয়ারের বীরপাড়া চৌপতি সংলগ্ন এলাকা থেকে কোচবিহার গামী একটি বালিবোঝাই ট্রাকের পিছু ধাওয়া করে পুলিশ। বালি বোঝাই ট্রাকটি পালাতে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি টোটোকে সজোরে ধাক্কা মেরে পাশের একটি দোকানে ঢুকে যায়। ঘটনায় শিবু বর্মন নামে টোটো চালক ও কনিকা রায় নামে এক টোটো আরোহীর তৎক্ষণাৎ মৃত্যু হয়। পাশাপাশি মোট পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। ঘটনা ঘটতেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়।

খবর পেয়ে আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য্য ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। উত্তেজিত জনতা মৃতদেহ দুটি আটকে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

ঘটনায় আহত সানিফা খাতুন নামে এক রোগীর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে কোচবিহারে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। অন্য আরেক রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠে। এরপর রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা।

বীরপাড়া চৌপতি এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করে। এক পুলিশ আধিকারিকের গাড়িতে ভাঙ্গচুর চালানো হয়। এমনকি পুলিশের গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। অন্যান্য পুলিশ আধিকারিকরা বিক্ষুব্ধদের শান্ত করতে গেলে আলিপুরদুয়ারের সোনাপুর ফাঁড়ির ওসির ওপর আক্রমণ চালায় বিক্ষুব্ধরা। উত্তেজিত জনতাকে শান্ত করতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।

পরে গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। মূল দুর্ঘটনা স্থলে অবরোধ চলতে থেকে। বিক্ষোভ কারীরা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে লাগাতার অবরোধ চালাতে থাকে। দীর্ঘ চার ঘন্টা বিক্ষোভ দেখানোর পর অবশেষে আলিপুরদুয়ার জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার অম্লান ঘোষ, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তীর আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। জানাগেছে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। সন্ধ্যা ৭ তার পর আলিপুরদুয়ার– কোচবিহার যান চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *