আমাদের ভারত, মালদহ, ১০ এপ্রিল: যাত্রী বোঝাই টোটো উল্টে রাজ্য সড়কে দুর্ঘটনায় গুরুতর জখম মা ও মেয়ে সহ তিন। রবিবার সকালে মালদহের চাঁচল- আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম মহারাজ সেতু সংলগ্ন এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর তড়িঘড়ি স্থানীয়রা জখম যাত্রীদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তারা বর্তমানে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন, রুমি বিবি(৪৭), তার মেয়ে নিশানা খাতুন(২০) বাড়ি মুলাইবাড়ি। হাসেনুজ্জামান(৪১) বাড়ি নদিসিক। তিনি গুরুতর ভাবে জখম হয়েছেন। এদিন সকালে তারা চাঁচল থেকে বাড়ি ফিরছিল।মাঝপথেই এই ঘটনা।
রুমি বিবির এক আত্মীয় মুস্তাফা আলীর অভিযোগ, বেপরোয়া গতিতে ওই টোটো চালক যাচ্ছিল। সামনে মোটরবাইক চলে আসায় নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তাই এই দুর্ঘটনা। টোটো চালক জখম হয়নি।

